তখন আমি খুব ছোট ,পাড়ার অনেক কুকুর বেড়াল নিত্যসঙ্গী ,বাবা মা অফিস গেলেই বন্ধুদের সঙ্গে নতুন নতুন দুষ্টুমি আবিষ্কার করা ,স্কুলের ছুটি থাকলে তবেই অবশ্য ,পাড়ার কোন গাছে ফল পেকে খাওয়ার যোগ্য অথবা অযোগ্য হয়েছে তার খবর ছিলো নখদর্পণে .একদিন একটা ঘটনা ঘটেছিল , যার জন্য আজ ও নিজেকে ক্ষমা করতে পারি না..
আমার সেদিন স্কুল ছুটি ,দুদিন পড়ে পরীক্ষা ,তাই study leave ; তা আমিও পড়ছিলাম ,গল্পের বই ,জিম করবেট,মানুষখেকো বাঘের সঙ্গে লড়াই ,পড়তে পড়তে তন্ময় হয়ে পড়েছি ,নিজের বাড়িতে বসে আছি না জঙ্গলে , তাই গুলিয়ে গেছে ,
আমাদের বাড়িতে কয়েকটা বেড়ালের অবাধ আনাগোনা ছিলো ,তার মধ্যে একজন ছিলো পুশকি, সাদা হলুদে মেশানো ,খুব মিষ্টি মুখটা ,আমার প্রশ্রয় পেয়ে বেশ দুষ্টু ও বটে __
সেদিন দুপুরে আমার জন্য রাখা ছিলো মাছের ডিমের ঝোল ,দারুণ প্রিয় খাবার আমার ,সকালে একটু টেস্ট করে রেখে দিয়েছিলাম ,পরে ভালো করে সময় নিয়ে খাবো বলে ,হঠাৎ পাশের ঘরে ঝন্ ঝন্ শব্দ ,কী হলো !! করবেট কি মাচা থেকে পড়ে গেলেন বাঘের সামনে ? ও হরি , জঙ্গল কোথায় !তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে দেখি পুশকি মহানন্দে ঝোলের বাটির মধ্যে মুখ ডুবিয়ে খাচ্ছে , আমাকে দেখে ও কোন ও হেল দোল নেই , আমি বোধ হয় একটু জোরেই চিৎকার করে উঠেছিলাম , রান্নাঘর থেকে মালতী দি দৌড়ে এসে বললো "হলো তো ? আরো আদর দাও ওই শয়তান টাকে "বলে আমার জলভরা চোখের সামনে পুরো ঝোল টা ফেলে দিলো , ইতিমধ্যে পুশকি ও কিছু আন্দাজ করে চম্পট ...
আমার মাথার রক্ত তখন টগবগ করে ফুটছে , কী করে ওকে শাস্তি দেওয়া যায় ,করবেট সাহেবের শিক্ষা মনে করে পরের দিন ফাঁদ পাতলাম পুশকির জন্য ___
জানলার পাশে লুকিয়ে বসে আমি ,হাতে কাঁচা পেয়ারা ,সঙ্গে নুন ,কতক্ষণ বসতে হবে জানিনা ,সামনে রান্নাঘর থেকে লুকিয়ে আনা মাছ ভাজা ,এমন ভাবে রাখা যেন পুশকি ওটা নিতে এলে আমি দেখতে পাবো ,ও আমাকে দেখতে পাবে না ,পাশে একটা লাঠি রাখা আছে ,আজ ও পিটুনি খাবেই আমার কাছে ,বড্ডো বদমাশ হয়ে গেছে ,কাল থেকে একবার ও আসেনি ,....
আবার বই তে ঢুকে পড়েছি ,কুমায়ূনের মানুষখেকো র সামনে ,কে পুশকি,মাছের ডিম ই বা কী ,সব ভুলে গেছি ,হঠাৎ একটা টুক করে শব্দ ,দেখি উনি এসে আস্তে আস্তে মাছটা টেনে নিতে শুরু করেছেন ,চোখদুটো আমার দিকে রেখে ,লাঠি ফাঠি ভুলে গিয়ে হাতের নুনটাই ছুড়ে মারলাম ওর দিকে ,পুরো চোখের মধ্যে ঢুকে গেলো ওর ,....
মাছটা রেখে চোখ বন্ধ করে চুপ করে বসে পড়ল পুশকি,আমার তখন আপশোসের শেষ নেই ,এই রে ,ও অন্ধ হয়ে গেলো বোধহয় ,গায়ে হাত বুলিয়ে দিতে দিতে আকুল হয়ে ডাকছি ওর নাম ধরে ,পুশকি চুপ ,মালতী দি এসে সব শুনে আমাকে কী বকুনি ,"দেখো ও আর চোখে দেখতে পাবে না ,বাঁচবে ও না বোধহয় ,এমন করতে আছে ?"আমি শুধু কেঁদে ই যাচ্ছি ,অনেকক্ষণ পরে চোখ খুলল পুশকি,উঠে চলে গেলো মাছটা না নিয়েই .....
আর কোনদিন আসে নি পুশকি আমাদের বাড়িতে ,রাস্তায় কতবার ওকে ডেকেছি ,গম্ভীর ভাবে চলে গেছে ,যেন চেনেই না ,যার সাথে একটু দুষ্টুমি না করলে আমার মন খারাপ থাকত সারাদিন ,তার কাছে আজ ক্ষমা চেয়ে নিলাম .........
No comments:
Post a Comment