বছরের এই সময়টার জন্য সারাবছর ধরে ভাললাগার স্বপ্ন বুনে চলে সবাই lদুর্গা ঠাকুর ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ী বেড়াতে আসেন ,কাশফুলে মাঠ সাদা হয়ে যায় ,আর কালো মেঘেরা হঠাৎ সাদা হয়ে গিয়ে রোদ্দুরের সাথে লুকোচুরি খেলে বেড়ায় l
তুতুন এই কদিন খুব ব্যস্ত ,মায়ের সাথে ছোট্ট ছোট্ট হাত মিলিয়ে কাজ করে চলেছে l কতো সুন্দর সুন্দর জামা বানাচ্ছে মা ,এবার নাকি অনেক অর্ডার পেয়েছে ,হাসিমুখে বলছিলো বাবাকে ,শুনে বাবা কোথায় খুশী হবে ,তা না ,মুখটা কেমন যেন হয়ে গেলো ,মাকে বললো "আমি তো বিছানায় পড়েই গেছি ,এবার তোমার কিছু হলে যে মেয়েটা ভেসে যাবে ,তোমার এতো খাটনি আমি আর দেখতে পারছি না "বাবা যেন কেমন কথা বলে আজকাল ,বোঝা যায় না সব ,তুতুন ভেসে যাবে মানে ?ও কি সাঁতার জানে না ?মামাবাড়ির পুকুরে ওকে সেবার ঝর্ণামাসি সাঁতার শিখিয়ে দিয়েছে তো , যাই হোক ,এবার ও খুব গুড গার্ল হয়ে গেছে ,একটুও বায়না করে নি ,টুসি ,বুলুন ,পিকো সব্বার নতুন জামা হয়েছে ,মা বলেছে এই জামাগুলো বানিয়ে দিলে যা টাকা পাবে ,তাই দিয়ে চেষ্টা করবে একটা জামা যদি কিনে দিতে পারে ,প্রতিমাসে বাবার ওষুধে অনেক টাকা লাগছে তো ,তুতুন কিন্ত চায় নি জামা এবার ,বাবা সুস্থ হয়ে গেলে আবার উঠে কাজে যাবে , আর পুজোর আগে বাড়ী ফিরে বলবে "দেখতো ,তুতুন সোনা ,এই জামা গুলো কেমন হয়েছে ?তোমার পছন্দ হয়েছে তো ?"ও তখন আবার বাবার কোলে উঠে অনেক আদর করে দেবে ,এখন তাই ও ছোট্ট হাতে মায়ের তৈরী করা জামাতে বোতাম সেলাই করে দিচ্ছে ,আর কেউ যখন দেখছে না ,তখন ওগুলোকে একটু হাত বুলিয়ে দিচ্ছে ,কী সুন্দর পুজো পুজো গন্ধ মায়ের তৈরী করা জামায় ........
আজ সপ্তমী ,পাড়ার ঠাকুর কী সুন্দর দেখতে ,মাঝে মাঝে গিয়ে দেখে আসছে তুতুন ,মুখের হাসিটা দেখে ওর খুব ভালো লাগছে ,অনেকবার মনে মনে বলেছে "ঠাকুর ,বাবাকে ভালো করে দাও ,আবার যেন কাজে যেতে পারে ,আমার এবার জামা হয় নি ,তাতে আমার একটুও কষ্ট হয়নি ,তুমি শুধু বাবার সব অসুখ সারিয়ে দাও l "
সন্ধ্যেবেলা পেটে ব্যথা করছিলো ,তাই একটু শুয়ে ছিলো তুতুন ,মা বলল "কী রে ,মন খারাপ ? সামনের বছর ঠিক তোকে জামা কিনে দেবো দেখিস ......."ও কিছু বলতে যাবে ,হঠাৎ পিকো ছুটে এসে ওর হাত ধরে টানতে টানতে প্যান্ডেলে নিয়ে গেলো ,"কখন থেকে তোর নাম ডাকছে ,শুনতে পাচ্ছিস না !"অবাক হয়ে গিয়ে দাঁড়াতেই ওর হাতে পাড়ার অন্তুকাকু একটা গোলাপী ফ্রক ধরিয়ে দিলো ,আরে !এটা তো মায়ের তৈরী ,আর এই নীল বোতাম ওর ই লাগানো !আশেপাশের বাচ্চাদের হাতেও মায়ের তৈরী জামা ,সবগুলো ওর চেনা ,তাহলে অর্ডার টা এই পাড়া থেকেই দিয়েছিলো ?আচ্ছা ,মা দুর্গা কি সবার মনের কথা বুঝতে পারেন !নাহলে কী করে জানলেন যে এই গোলাপী জামাটাই ওর সবথেকে পছন্দের ছিলো ?
---------------::::::::::::::::---------------
No comments:
Post a Comment