ছোট্টবেলা থেকে আমার ব্ন্ধু তুই ,তোর সাথে আলাপ হওয়ার পর থেকে আর কাউকে তোর জায়গায় বসতে দিইনি ,কোনোদিন দেবো ও না ....
তোর ব্যপারে ভীষণ পজেসিভ আমি ,সবার চোখের আড়ালে রাখতে তোকে ,কয়েকবার বিশ্রী অভিজ্ঞতার রেশ এখনও রয়ে গেছে মনের ঘুলঘুলিতে ....
ক্লাস সিক্স এ পড়ি তখন ,বাংলা ক্লাস চলছে ,রেণুদি রচনা লিখতে দিলেন "সন্ধ্যা " ,লুকিয়ে বিভিন্ন বই গোগ্রাসে গেলার সুবাদে বড় বড় কথা সাজিয়ে লিখে ফেললাম রচনা ,কী খুশী রেণুদি !প্রায় সারা স্কুল ঘুরিয়ে দেখান আর কি ,ব্যস্ মাথায় চাপলো লেখার ভূত ,পড়ার বই খাতা সরিয়ে রেখে শুরু হলো পুরোদমে সাহিত্যচর্চা ,ফল যা হওয়ার তাই হলো ,পরীক্ষার খাতায় নম্বর তলানিতে ,তদন্তে দোষী সাব্যস্ত হলো আমার লেখা ,আর আমার জলভরা চোখের সামনে টুকরো টুকরো হয়ে বাতাসে ছড়িয়ে গেলো আমার প্রথম ভালবাসা ........
কয়েক বছর কাটলো ,হঠাৎ্ আসা প্রেমের কথা কাউকে বলতে না পারায় আবার ডায়রির পাতা সমব্যথি হলো ,বিভিন্ন অনুভূতি ভাগ করে নিতে থাকলাম তার সাথে ,কে জানতো বড়দের পিছন দিকেও একজোড়া করে চোখ থাকে ?আবার তদন্ত ,আবার ধরা পড়া ,এবার ডায়রি বাজেয়াপ্ত ,টেনে ছিঁড়তে পারা গেলো না ,গায়ের চামড়া মোটা ছিলো বলেই হয়তো .....
আর কাউকে দেখাইনা তোকে ,তুই আমার একমাত্র বন্ধু যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায় ,উজাড় করে দেওয়া যায় আমার ভালোলাগা ,খারাপলাগা ,ছোট বড় মান অভিমান ........
তুই আমার লেখা ,আমার সবকিছু জানিস তুই ,আর কাউকে তুই সেই কথাগুলো বলে দিতে পারবি না ,কারণ লেখা হয়ে গেলেই আমি কাগজটা ছিঁড়ে ফেলে দিই ,আমার চিন্তা ভাবনা মিলিয়ে যায় আকাশ জুড়ে ,বাতাস ভরে ,ঐটুকুই আমার প্রাপ্তি ,নাই বা পড়ল কেউ ,নাই বা বুঝলো আমায় ,তুই তো কোনওদিন ভুল ধারণা রাখবি না আমার সম্বন্ধে ,আমার প্রিয় ব্ন্ধু ......
No comments:
Post a Comment