Saturday, 29 April 2017

"হিমঘর "

                             "১"
     এই সকালের দিকেই ঘুমটা আসে আজকাল ,  কিন্ত বয়েসের সাথে সাথে শরীরে বিনা আমন্ত্রণে আসা অতিথিরা ঘাড় ধরে বিছানা থেকে তুলে দেয় l  এতো গরম পড়েছে এই বছর ,আর সহ্য করা যাচ্ছে না l মায়া কোথায় শুয়েছিল রাত্রে ?  হ্যাঁ ,যা ভেবেছেন তাই ,সেই মেঝেতে মাদুর পেতে শুয়ে ,মাথার কাছে ক্লান্ত টেবিল ফ্যান টা ঘুরে চলেছে l নাঃ ,এতো বারণ করা সত্ত্বেও কোনো কথাই শুনবে না ,তারপরে লাগুক ঠান্ডা , ডাক্তারের কাছে দৌড়তে  এই বুড়ো তো আছেই l
        "অ্যাই শুনছ ?উঠে পড় , সকাল হয়ে গেছে তো ,কী হলো ,ওঠো ,মায়া ,মায়া............ !!!!"
     
                               "২"
      মৃদু হাসি ফুটে উঠলো বিমানবাবুর মুখে , আজ তিরিশ বছরের কাছাকাছি দুজনে   একসঙ্গে আছেন  ,মায়াকে তিনি হাতের তালুর মতোন চেনেন l কিছুই না বললেও  সবটাই বোঝেন ,অথচ তাঁর কাছ থেকে  ছেলে আর বৌয়ের দোষ ঢেকে রাখবার এই প্রাণান্তকর প্রয়াস কেন ? প্রভিডেন্ট ফান্ডে খাবল মেরে মেরে বিদেশে পাঠিয়েছিলেন ছেলেকে , বিয়ের আগেই ,পরে ভালো চাকরী পেয়ে রিম কে নিয়ে চলে যায় , এই বছর দুই হলো কর্মসংকোচন নামক দুর্বৃত্তের আক্রমণে গরীব দেশে ফিরে এসেছে l একটা বিষন্নতার মেঘলা ছায়া সর্বক্ষণ আটকে থাকে পৌষ আর রিমের মুখে l কাকে যে দায়ী করে ওরা ,কে জানে l মায়ার ও খেয়েদেয়ে কাজ নেই ,দিনরাত ওদের মন রাখতে ব্যস্ত , ওরা  যে এতে বিরক্ত হয় ,এটা ও বোঝার ক্ষমতা নেই l
গত সপ্তাহে ই  তো , রিমের ভাই এসেছিলো দমদম থেকে , দিদির সাথে  কথা বলতে ,ছেলেটার বিয়ের কথাবার্তা চলছে l তাদের ব্যক্তিগত কথা থাকতেই পারে , স্বাভাবিক ব্যাপার ,তুমি গেছো ওদের মাঝখানে আদিখ্যেতা দেখাতে ,"ও মা ,টুবলু ,কতোদিন আসোনি ,তা কোথায় ঠিক হলো বিয়ে ? "ঠিকঠাক ঝেড়ে কাসে নি নিশ্চয়ই ভাইবোন ,থমথমে মুখে নীচে এসে বাংলা সিরিয়ালে মুখ গুঁজে বসে পড়েছে মায়া l আবছা বুঝতে পেরে বিমান বাবু ও আর ঘাঁটাননি , অনেকবার বারণ করা সত্বেও এই ভুলগুলো মায়া করবেই ,তারপর মনখারাপ  করে থাকবে l
          অনেকদিন হলো বিমান বাবু মানসিক ভাবে ওদের থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে , নির্দিষ্ট করে কোনো কারণ ছিলো কী ?কে জানে  l গতবছর এপ্রিল মাসে পৌষ হঠাত্ই এসি বসালো নিজেদের ঘরে , বাড়ীর সবচেয়ে ভালো ঘর ,প্রচুর হাওয়া ওদের ঘরে ,তবুও l বিদেশ থেকে ফিরে আসবার পরে যে ঘরটা ছেড়ে দিয়ে নিজেরা নেমে এসেছিলেন নীচের এই বদ্ধ ঘরটায় ,মায়ার পীড়াপীড়িতে "আহা ,সবে ঠান্ডার দেশ থেকে ফিরেছে ,মনটা ও খারাপ ,ভালো ঘরটায় থাকুক ",এসি লাগানোর সময় কিচ্ছু জানতে পারেননি ,পরে পৌষ এসে মায়ের কাছে বোধহয় কিছু সাফাই গেয়েছিল ,তাতেই মায়া খুশীতে ডগমগ l
         রোদ্দুরে এই পশ্চিম মুখী ঘরটা এতো তেতে থাকে ,নিজেই  সহ্য করতে পারেনা মায়া  ,রাত্তিরে উঠে দুতিন বার গায়ে জল ঢালে , কষ্ট বিমান বাবুর ও হয় ,কিন্ত  বোকা ভালমানুষ স্ত্রী টির  জন্যই বেশী দুঃখ হয় তাঁর , তিনি চলে গেলে কী যে হবে তার ,কে জানে l কয়েকদিন ধরেই ভাবছেন ,যা হয় হবে ,নাহয় আরেকটু কমবে সঞ্চয় ,মাসের শেষে একটু কম টাকা আসবে হাতে ,তবুও যে কটা দিন বেঁচে আছেন তাঁরা ,একটু মসৃণ হোক না চলার পথটা l
     
                               "৩"
        একদৃষ্টে নিজের স্ত্রী এর মুখের দিকে তাকিয়ে ছিলেন বিমান বাবু , কী অদ্ভুত একটা হাসি ফুটে আছে না মায়ার মুখে ?কেমন জব্দ করে চলে গেলে আমায় ,একটুও তর সইলো না l

"কাকু ,এবার তো কিছু ভাবতে হয় ,অনেকক্ষণ হয়ে গেলো "
      কতো লোক এসেছে তাঁদের বাড়ীতে আজ ,যে লোকজন ভালবাসতো ,সে তো কিচ্ছু দেখতে পাচ্ছে না ,আর দেখতে পাবে ও না কোনোদিন l
    "হ্যাঁ বুবলু , কী করতে হবে বলো ?আমি তো ....মানে ....."
  আরো কয়েকজন এগিয়ে আসে ," না না কাকু ,আপনাকে কিচ্ছু করতে হবে না ,আমরা তো আছি ,পৌষদাকে ফোন করা হয়ে গেছে , কাশ্মীরে একটু গন্ডগোল চলছে ,প্লেনের টিকিট পায়নি আজ ,আসতে আসতে কাল বিকেল "
"হ্যাঁ ,জানি ,তাহলে ?"
   "আজকের দিনটা কোথাও রাখতে হবে ,নীলদা সব ব্যবস্থা করে দিয়েছে "
  "কিন্ত কোথায় রাখবে ?"
  "ও আছে কাকু , কলকাতায় অনেক জায়গা আছে ,ঠান্ডা ঘরে রেখে দেয় ,মানে আজকাল তো অনেকের ছেলেমেয়েই বাইরে থাকে ,যাতে বডি পচে না যায় "
         বিমান বাবু সাগ্রহে বলেন "হ্যাঁ হ্যাঁ ,তাই ভালো ,মানে ওর তো খুব গরম লাগতো ,খুব কষ্ট পেয়েছে ,একটু ঠান্ডায় থাকুক ........"
   বলতে বলতে অনুভব করেন তাঁর হঠাত্ শীত করছে ,প্রবল শীত ,সৃষ্টির আদি যুগের হিমেল প্রবাহ গ্রাস করে নিচ্ছে তাঁকে ......l
        
              --------------:-----------------:--------------

          
          
         
          

1 comment:

  1. বিমান বাবু সাগ্রহে বলেন "হ্যাঁ হ্যাঁ ,তাই ভালো ,মানে ওর তো খুব গরম লাগতো ,খুব কষ্ট পেয়েছে ,একটু ঠান্ডায় থাকুক ........" .... এরপরে আর কোনো কথা আসছে না যে!কেন যে সন্তান.. এইটুকু স্বস্তি দেয় না বাবা-মাকে!

    ReplyDelete