Saturday, 22 April 2017

"পরোপকার "

          
       সেই কখন থেকে পিয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিপুল ,আজই ওদের প্রথম সাক্ষাত ,রবীন্দ্রসদনের সামনে দুরুদুরু বুকে প্রায় আধঘন্টা হতে চললো ,এখনও তাঁর পাত্তা নেই l কে জানে কোনো কাজে ফেঁসে গেলো কিনা ,অথবা সাতশ আশি জন আত্মীয় বাড়ী থেকে কেউ এই রোববারের বিকেলে ওদের বাড়ী বডি ফেললো  কিনা ,কোনো মানে হয় ?আজ  বিপুল নিজেই বিশাল টেনশনে আছে ,কী বলতে কী বলে ফেলবে ,আর পাড়ার সবথেকে সুন্দরীএবং পরোপকারী  মেয়েটা ,যে ওর গুণমুগ্ধ হয়ে আছে ,হাত থেকে ছিটকে যাক আর কি ...........

          আড়চোখে নিজের চেহারার দিকে তাকায় বিপুল ,বহুত দুঃখ ছিলো ,মানে কিছুদিন আগে পর্যন্তও ,এখন আর নেই ,হুঁ হুঁ বাবা ,এই চেহারার জন্যই না আজ ........
      
         টেনেটুনে চার ফুট এগারো ইঞ্চি তে পৌঁছে যখন শরীর জবাব দিলো ,তখন কী করেনি সে ,সাঁতার ,জিম ,দৌড় ,স্কিপিং,আরো কতো কী ,কোনো কিছুই কাজে লাগলো না , দীপু দার পরামর্শে শুরু হলো সাইকেলে দু ঘন্টা এক্সারসাইজ ,পাড়ার এ মাথা থেকে ও মাথা ,আর কিছুদিন পরে লক্ষ্য করলো ,ওকে দেখলেই সবার কেমন বাজার পেয়ে যায়

   "ও বিপুল ,দু আঁটি ধনেপাতা কিনে এনে দিবি ?"
  "বিপুল দা , আজ অঙ্ক পরীক্ষা ,একটা জিওমেট্রি বক্স কিনে আনবে ?"
   "অ্যাই ,তাড়াতাড়ি গরম মশলা র প্যাকেট কিনে আনতো ,মাংস টা নামাতে হবে "

          তখন লম্বা হওয়ায় ব্যস্ত থাকায় এইসব তুচ্ছ ব্যাপারে কিছুই মনে করতো না বিপুল ,যে যা বলতো এনে দিতো ,ক্রমে কানে এলো পাড়ার ছোটরা ওকে "সাইকেল বিপুল "বলে ডাকছে ,বাড়ী এসে মেপে দেখলো এক চুল ও বাড়েনি উচ্চতা ,সেই যে সাইকেল থেকে নামলো সে ,আর ও পথে পা বাড়ায় নি ,তবে পাড়ায় নতুন আসা পিয়া ,বিপুলের পরোপকারী মানসিকতা দেখেই নাকি ওর প্রেমে পড়েছে ,বিপুল ও পিয়ার সেই ভুল ভাঙায় নি l

    "এই যে বিপুল ,এখানে ঘুরঘুর করছিস কেন রে ?"

       কাঁসার থালা বাসন যেন ঝনঝন করে উঠলো ,মুখ ঘুরিয়ে দেখেই আত্মারাম খাঁচাছাড়া ,ওরে বাবারে !পাড়ার গেজেট মলি পিসি !কার বাড়ীতে কোন বেলা কী রান্না হয় ,ওঁর নখদর্পণে ,বিস্টু র দিদি কেন শ্বশুর বাড়ী যেতে চায় না ,উনি জানেন ,এমনকি ধরকাকুদের অফিসে যে পুলিশি রেড হতে চলেছে ,তা ও ওঁর অজানা নেই ,এই রত্নের খবর এখনও কেন যে গোয়েন্দা সংস্থারা পায় নি ,কে জানে l

  "না ,মানে ......এই আর কী ,একটু বেড়াচ্ছি "
"আর বেড়াতে হবে না ,বাড়ী চল , বেহালার বাস কোথা থেকে পাওয়া যায় কে জানে ,কী হত কুচ্ছিত জায়গা রে বাবা ,সব গুলিয়ে যায় ,চ চ "

          এ কী রে বাবা ! ধমক দিচ্ছে দেখো ,ঠিক যেন লীলা মজুমদারের পদীপিসি ! না না ,মাথা ঠান্ডা রাখতে হবে ,পিয়া আসবার আগেই এঁকে সরাতে হবে ,নইলে আজ রাত্তিরে র মধ্যেই সবাই জেনে যাবে বিপুল পিয়ার প্রেম কাহিনী ,তারপর দুই বাড়ীর বাবাদের সামনে কে দাঁড়াবে ,অ্যাঁ ?

   "এই তো ,এই বাসটা বেহালা যাবে ,রোখকে ভাই ,রোখকে ,শিগগিরই উঠে পড় মলি পিসি ,ভাই একটু দেখে নামিয়ে দেবেন ,"

  কন্ডাক্টর বোধহয় পুরো কথা শুনতে পায়নি ,নইলে বলে দিতো ওটা উল্টো দিকের বাস l যাকগে ,এখান থেকে সরে তো পড়ুক ,পিয়া কে দেখতে না পেলেই হলো l

          আহা ,কী দারুণ মানিয়েছে নীল টপ আর পিংক জিন্সে  ,সাগ্রহে এগিয়ে যায় বিপুল ,নিজের ভাগ্য যে এতো ভালো ,তা সে স্বপ্নেও কল্পনা করে নি , বন্ধুগুলোর থোঁতা মুখ ভোঁতা হবে এবার l
 
        চকলেট আইসক্রীম হাতে বিভোর হয়ে হাঁটছিল দুজনে ,রবীন্দ্র সদনের সামনেই ,কোথায় যাওয়া যায় এখনও ঠিক হয় নি l হঠাত্ পিঠে চটাস করে এক থাপ্পড় ,চমকের চোটে ধুলোয় গিয়ে পড়লো  আইসক্রীম ,পিছনে সেই এক এবং অদ্বিতীয় মলি পিসি ,

"শয়তান ,পাজী ,আমাকে উল্টো দিকের বাসে উঠিয়ে দিয়েছিস !কেন রে ?দাঁড়া আজ যাচ্ছি তোর বাড়ীতে ,একটা অবলা বুড়ো মানুষের ওপর একী অত্যাচার ,অ্যাঁ ? কী শরীর খারাপ লাগছে আমার "

  আড়চোখে বিপুল দেখে পিয়ার চোখমুখ লাল হয়ে গেছে ,রাগে  নিশ্চয়ই ,ওর ওপর কী ?না না ,ও  কী করেছে ?মলি পিসি কে আগে ঠিকঠাক বাসে তুলে দেওয়া যাক  ,তারপর দেখা যাবে l

      "  আন্টি ,চলুন ,আমিও বাড়ী যাবো ,"

এতক্ষণ প্রতিশোধ নেবার নেশায় অন্য দিকে চোখ পরে নি পিসির , "ও মা পিয়া !তুমি এখানে !কোনো কাজে এসেছিলে ?"

"  হ্যাঁ ,তবে কাজটা একটু ভুল হয়ে গেছে ,বাড়ী যাবো এবার ,"

          আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ই পেলোনা বিপুল ,শুধু ট্যাক্সি টাকে চলে যেতে দেখলো ,বেহালার দিকে l

                 :::; :; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; "

No comments:

Post a Comment