"আরে আরে !ঝুঁকছে দেখো বুড়ো !বলি ,এই বয়েসে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙলে কে দেখবে শুনি ??"
" চুপ চুপ ,নাঃ,তোমার আর কাণ্ডজ্ঞান হলো না ,দেখতে পাচ্ছ না ?"
" কী দেখবো টা কী ?এ ম্যা গো !! লুকিয়ে লুকিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের প্রেম দেখা হচ্ছে !!!কী রুচির ছিরি হচ্ছে দিন কে দিন !!!ছি ছি !!"
"আরে বাবা ,ছি ছি পরে কোরো ,আগে দেখো চিনতে পারো কিনা "
"মানে ? কারা ওরা ?চেনা কেউ নাকি ?"
"মাথাটাই গেছে তোমার গিন্নী , ওই ছেলেমেয়েদুটো চেনা হতে যাবে কেন ?জায়গাটা চিনতে পারছ ?নাকি চোখের মতো মনেও ঠুলি পড়েছে ?"
"কোন জায়গা এটা ? দূর ছাতা ,এই পোড়ার মুখো বৃষ্টির জ্বালায় কি কিছু দেখার উপায় আছে ?তোমার আবার আজ এতো দূরে বেড়াতে আসবার ইচ্ছে হলো কেন কে জানে ,সর্দি কাশি না বাধিয়ে ছাড়বে না দেখছি ,সরে এসো না ,এই পাতাগুলোর আড়ালে বোসো ,"
"আহ্ , বিরক্ত করো কেন ?মনেও পড়ছে না তোমার ?সেই এইরকম বৃষ্টির দিনে ,একটা ছাতার তলায় ভিজতে ভিজতে ........"
"হ্যাঁ ,ভিজতে ভিজতে ......"
"কী বলেছিলে মনেও নেই !!!"
"আহা ,ঢং ,আদিখ্যেতা !মনে থাকবে না কেন ?সেই বলার পরে কতবার যে হাত কামড়েছি ,কেন যে তোমায় বিয়ে করতে গেলাম "
"তাই নাকি !!!"
"হ্যাঁ ,তাই তো "
"তাই তো এখনো আমার ঘাড়ে চেপে আছো ,এখনো রেহাই দাও নি "
"বয়ে গেছে আমার ,নেহাতই কে তোমায় দেখবে তাই ভেবে আর ......."
"আর মনকে চোখ ঠেরে কী হবে গিন্নী ?"
"যাও ,কী যে বকবক করো না ,মাথা ধরে গেলো "
"রাস্তার আলোগুলোর দিকে তাকিয়ে দেখো , ওদের ভালবাসার রঙে কেমন উজ্বল হয়ে উঠেছে ,যে পথ দিয়ে ওরা যাবে ,এক এক করে আলো জ্বলে উঠবে "
" হ্যাঁ ,বলেছে তোমায় ,কিছুদিন পরেই তো শুরু হবে ঝগড়া ,মারপিট ,হয় তো বা ডিভোর্স ও "
"তা হোক গে ,এই মুহূর্ত টা তো অনেক দামী ওদের কাছে ,দেখছো না ,মরে ভূত হয়ে গিয়েও কবেকার কথা সব মনে পড়ে গেলো ?"
"আর ভিজতে হবে না ,চলো এবার ফিরি ,অনেকদূর চলে এসেছি আজ "
"তাতে কী হলো টা কী ?এই তো হুশ্ করে পৌঁছে যাবো ,আরেকটু দেখি ওদের , "
"থাক থাক ,ভালো থাকুক ,নজর দিও না ,চলো "
"চলো তাহলে ........."
No comments:
Post a Comment