Thursday, 27 July 2017


  আমার ছোটবেলায়  সেই ' মানসী কিন্ডারগার্টেন 'স্কুলে কয়েকটা ঘটনা যা  ঘটেছিল , সেগুলো না বললেই নয় , অতীব দুঃখজনক ,আহারে (এটা নিজেকেই সমবেদনা জানালাম )
  ১)স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,বিস্কুট রেস ,হাত দুটো পিছমোড়া করে বাঁধা 😤😤, নাকের সামনে বিস্কুট নাচছে ওই সেই খুড়োর কলের মতো , কামড়ে ছিঁড়ে নিয়ে দৌড়ে ফিরে যেতে হবে ,কিছুক্ষণ পরে সব্বাই হ্যা হ্যা  হাসি নিয়ে দেখলো একটা মেয়ে সমানে লাফ দিয়ে বিস্কুটের নাগাল পাওয়ার চেষ্টা করে যাচ্ছে ,আর সেটা একটু ছোঁয়া লাগলেই লজ্জাবতী লতার মতো সরে সরে যাচ্ছে ,অন্য ছেলেমেয়েরা তখন ভিক্টরি স্ট্যান্ডে ওঠায় ব্যস্ত ,খানিক পরে কিছু দয়ালু লোকজন এসে যদিও বলেছিল হাত খুলেই বিস্কুট নিয়ে খেতে ,কিন্ত তখন জেদ চেপে গিয়েছে ,বিস্কুটটা নরম হয়ে তার মুখে এসে পড়ল তাই ,নইলে ............
২)তাসের দেশ নৃত্যনাট্যে জীবনে প্রথম স্টেজে উঠবার সুযোগ হলো ,'খরবায়ু বয় বেগে 'তে কয়েকজন মাল্লার ভূমিকায় নাচবে ,তাদের পিছনে আমরা এলেবেলে কিছু পুঁচকে হাত পা ছুড়ব ,প্রথম অন্তরার শেষেই মায়ের শাড়ী দিয়ে বানিয়ে দেওয়া ঘাগড়া পায়ে জড়িয়ে সমুদ্রের ছবি টবি আর দু তিনজন দিদি সব নিয়ে আমি ধরাম  , রাজপুত্র ,সওদাগর পুত্র কোথায় পালাল কে জানে ,গানে যে দিদিমণিরা ছিলেন ,কেঁপে টেপে তাঁদের একাকার অবস্থা ,সেদিনই সবাই বুঝে গিয়েছিলো আর যাই হোক ,নাচটা আমার দ্বারা হবে না
৩) তিলে বিচ্ছু যাকে বলে আমি ছিলাম তাই (এখন আর নই কিন্ত ,কেউ যেন ভুল না বোঝে ),সেলাই শেখানো হলো , ক্রস স্টিচ ,বাঁদিকে চারটে ঘর ,ডানদিকে দুটো ,একটা ক্রস তৈরী হলো ,পরীক্ষার দিন বলা হলো আটখানা ক্রস তৈরী করতে দূর দূর ,অত কে খাটে ,শেখানো ক্রসগুলোই তক্ষুনি করা বলে চালিয়ে দিলাম ,এই ঘটনা শুনে আমার বাবা মাথায় হাত দিয়ে আধঘণ্টা শুয়ে ছিলেন ,আর বিড়বিড় করে বলছিলেন শেষে আমার মেয়েটা একটা চোর তৈরী হলো ?ছিঃ ছিঃ ছিঃ ,আমিও মুখ টুখ চুন করে পাশে বসে ছিলাম
              
                      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment