Thursday, 8 June 2017

"চিঠি "

প্রিয় নীলা ,
                                 কেমন আছিস ?মনে পড়ে ?এক সময়ে অনেক চিঠি লিখেছি তোকে ,সেই সব চিঠি হয়তো এখনও সযত্নে রাখা আছে কারো কাছে ,হয়তো বা স্মৃতির ধূলোয় মিশে গেছে অক্ষরগুলো l
        আমার সব কথা জানতিস তুই , তোকে না লিখলে আমি স্বস্তি পেতাম না l আমার আস্তে আস্তে বড় হওয়া ,আকাশ ,বাতাস রঙিন হয়ে আসা ,সুরের রামধনুতে আদর মাখা চান ,সবই তোর জানা l
           মনে আছে সেই ঘটনার কথা ?আরে ওই যে ,যেদিন তুচ্ছ একটা মনগড়া কারণে দেবী আমাকে  যাচ্ছেতাই অপমান করলো ?কতোবার ওকে বোঝানোর চেষ্টা করলাম যে  সৌম্যদা সেদিন আমার সাথে রাস্তায় কথা বলছিল হঠাত্ দেখা হয়ে গিয়েছিলো বলেই ,ও উল্টোপাল্টা ভেবে নিয়ে আমার সঙ্গে বন্ধুত্বে ইতি টানলো l চোখের জলে বালিশ ভিজে গেলো আমার ,  আর শুধু তুই জানলি ,তুই বুঝলি আমার কষ্টটা l
          যেদিন বাবার মারাত্মক অসুখটা ধরা পড়লো ,কতো কাগজ নষ্ট করেছি তোকে লিখতে গিয়ে ,বারবার ঝাপসা হয়ে যাচ্ছিলো সামনেটা ,অদ্ভুত এক অন্ধকার যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিলো আমার সমস্ত চেতনা ,আমার আত্মবিশ্বাস l তোকে সব জানিয়ে যেন একটু শ্বাস নিতে পারলাম l
          আরো ছোটবেলায় কীভাবে বিরক্ত করেছি তোকে বল ,কোথাও  বেড়াতে গেলে সবটুকু তোকে না জানালে আমার তৃপ্তি হতো না l আমার সাথে সাথে তুইও ঘুরে এসেছিস কন্যাকুমারীর তেরঙা বেলাভূমি , মুগ্ধ চোখে দেখেছিস সূর্য্য ওঠার সময়ে কেমন সেজে ওঠে পাহাড়চূড়া ,মনে আছে আমরা কতো ছবি আঁকতাম কল্পনার তুলি বুলিয়ে ?বড় হয়ে একবার যাবোই অরোরা বোরিয়ালিস দেখতে ,ঘোড়ায় চেপে টগবগিয়ে দাপিয়ে বেড়াব সাহারা মরুভূমি , ডুবুরির পোশাক পরে সমুদ্রের তলায় গিয়ে ভাব জমাবো অচেনা প্রাণীদের সঙ্গে .........? সত্যি ,কী ছেলেমানুষটাই না ছিলাম l
                           তোর সাথে কোনোদিন দেখা হয়নি  আমার ,হ্যাঁ ,তবুও কিন্ত আমার সবকথা শুধু তোকেই শেয়ার করেছি কতোদিন ,প্রথম যেদিন ক্লাসে চিঠি লেখা শেখানো শুরু হলো ,দিদিমণি বললেন সম্বোধনে কোনো বন্ধুর নাম দিতে ,হঠাত্ এই নামটাই আমার মাথায় এলো ,জানিনা কেন l তারপর থেকে কাল্পনিক চিঠি যতো লিখেছি ,সব তোকেই l পরীক্ষার খাতায় ,ক্লাসের খাতায় ,সব চিঠি তোকে লেখা l কেউ প্রশ্ন করলে বলতাম ও আমার খুব ছোটোবেলার একটা ব্ন্ধু l তারপর কখন যেন সত্যিই তোর অস্তিত্বে বিশ্বাস জন্মাল,শুধু স্কুলের চিঠিতে সব কথা লেখা যেতনা বলে ডায়রিতে লেখা শুরু হলো ,আর তুইও হয়ে উঠলি আরো কাছের l
         অনেকদিন কিছু লিখিনা তোকে ,কারণ তুই তো আমার প্রশ্বাসে জড়িয়ে থাকিস ,আমার সুখ দুঃখ ,আলো আঁধারের সঙ্গী হয়ে l আজ এই চিঠিটা  লেখার  সুযোগ এলো বলে আবার বসেছি l
                  সত্যিই কী আছিস তুই ?কে জানে ,  হয়তো কোনোদিন দেখা হয়ে যাবে তোর সঙ্গে ,হয়তো টুকরো হাসির মেলবন্ধন চিনিয়ে দেবে একে অন্যকে ,এই জন্মে নাই বা হলো ,পরের কোনো জীবনে ,হয়তো বা ..........
                                                     ইতি  ,
                                                      তোরই ব্ন্ধু ,
                                                                 চৈতালী l

No comments:

Post a Comment