Sunday, 8 January 2017

দেখা

আশ মেটে না ,চারদিকে তাকিয়ে থাকি ,হাঁ করে l পরিস্থিতির চাপে  স্কুলজীবনের শেষেই  অফিসে  ঢুকে যাওয়ার ফলে মনের বয়েসটা একই জায়গায় আটকে আছে ,আমি না ,ব্ন্ধু /শত্রুরা বলে l প্রথম থেকেই স্টাফ বাসের কল্যাণে নিরুপদ্রব যাওয়া আসা ,কোনোদিন বাস খারাপ হয়ে গেলে অন্যদের সুরে তাল মিলিয়ে মুখে বিরক্তি দেখালেও মন নেচে উঠতো (এখনও  ওঠে) পেখমতোলা ময়ূরের মতো ,আহা কী আনন্দ !বেশ অন্য বাসে বাদুড় ঝোলা  হয়ে যেতে হবে ,তক্ষুনি ভ্যাঁপ  ভোঁ  করে অন্য স্টাফ বাস এসে দয়াপরবশ হয়ে তুলে নিয়ে সসম্মানে অফিস পৌঁছে দিতো ,ভাগ্যিস আমার দাঁত কিড়মিড় কেউ শুনতে পেতো না ,তাহলে গণপিটুনির সম্ভাবনা ছিলো ......
       কতো বছর হয়ে গেলো একই পথে যাতায়াত , তবুও দৃশ্য পাল্টে যায় ,একই রাস্তা প্রতিদিন নতুন লাগে ,মনে হয় আরে !ওই গাছটার পাতাগুলো বেশ অন্য রকম তো !এতদিন চোখে পড়েনি কেন !!রাস্তার পাশের ঝুপড়িতে যারা থাকে ,প্রতিদিন তাদের ঘরবাড়ির চেহারা পালটায় ,হয়তো দড়িতে নীল শাড়ির বদলে গোলাপী ফুল ফুল ছাপ সালোয়ার কামিজের লুটোপুটি ,সামনের বারান্দা নামক উপহাসের জায়গাটুকুর সদ্ব্যবহার করছে দুটো উলুক ঝুলি মিষ্টি মিষ্টি পুঁচকে .......,আরো কতো কী ,হু হু করে সময় কেটে যায় ,বাংলা সাবানের ফেনায় গা না ডুবিয়ে ও l
         আজ হঠাত্ বাসটা দাঁড়িয়ে গেলো ,সামনে চেয়ে দেখি, যে রেললাইনটা আলতো ভাবে শুয়ে থাকে রাস্তার মাঝখানে ,যার জন্য মাঝেমধ্যেই লেটের রক্তচক্ষুর সামনে পড়তে হয় আমাদের ,সেই লাইনে গড়গড়িয়ে চলেছে এক কয়লা বোঝাই মালগাড়ি l ঠিক আছে ,চলুক ,বেশিক্ষণ নয় ,প্রায় পেরিয়েই গেছে ,বেশী অসন্তোষ ধূমায়িত হতে পারলো না বাসের মধ্যে ,কিন্ত কথাটা সেটা নয় ,একদম শেষে গার্ডের কামরায় দেখি সবার নজর এড়িয়ে কেমন করে যেন উঠে পড়েছে একটা বছর সাত আটের বাচ্চা ,কী অবাক কৌতুহলী চোখে চারদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে ,মুখে সব পেয়েছির আদর মাখিয়ে দেওয়া l সেই চোখমুখ সবটাই আমার খুব চেনা , প্রতিমুহূর্তে অনুকূল প্রতিকূল পরিস্থিতি মানিয়ে নিতে নিতে ,ডানা ঝাপটানো স্মৃতির পাতার গন্ধ শুষে নিয়েও যেন হারিয়ে না যায় তোর ওই চোখদুটো ,খুব দেখ ,দেখে নে সবকিছু ,মনটা যেন সামান্য পেয়েই খুশিতে ছলকে ওঠে ,দেখিস ...........

No comments:

Post a Comment