বয়েস তখন কতো খেয়াল নেই ,শিশু মহলের নিয়মিত শ্রোতা ,সকাল থেকে হাঁ করে রেডিওর সামনে ,রবিবার ,সবার ছুটি , ওটা চালানোই থাকতো , হঠাত্ একদিন কানের মধ্যে ঘা দিলো কেমন যেন মোটা গলায় কেউ একজন গান শেখাচ্ছেন ,এক ছুটে মায়ের কাছে ," আরে ,সুচিত্রা মিত্র গান শেখাচ্ছেন ,চুপটি করে শোন ,যারা শিখছে তারা ও কিন্ত ভালো গায় ,সবাই যাতে শিখতে পারে তাই ইচ্ছে করে ভুল গাইছে মাঝে মাঝে "
ব্যস্ ,আর যায় কোথায় ,শুনে শুনেই শিশু গলায় গান তোলার চেষ্টা ,"কোথা হতে শুনতে যেন পাই" ,"জীবন আমার চলছে যেমন" ," যা পেয়েছি প্রথম দিনে" ..............,l
আমার ছোটমামা সঙ্গীত প্রেমী ,ভাগ্নীর গানের প্রতি আকর্ষণ দেখে মহা খুশী ,মামাবাড়ির পাশের মাঠে ফাংশন ,বেড়াতে গিয়ে মহা বিপত্তি ,"বাবুন ,গান গাইতে হবে ,সবাইকে বলে রেখেছি " আহ্লাদে গদগদ হয়ে তাঁর শেখানো গানই স্টেজে ,"অরূপ তোমার বাণী" ,সবেধন নীলমণি একটা মাত্র আস্ত গান স্টকে , আর কেউ গাইতে বললে আদ্ধেক শেখা গানগুলো গাইতে হতো l
আদ্যন্ত রবীন্দ্র অনুরাগী ছোটমামার দৌলতে গীতবিতানের অনেক গানই পাখির মতো কিচিরমিচির করে গাইতাম ,মানে না বুঝে ,গভীরতা মাপার ইচেছ বা চেষ্টা ,ওই বয়েসে ছিলো না l আমাদের বাড়ীর সামনের বারান্দায় রাত্তিরে খাওয়াদাওয়ার পরে গানের আসর বসত ,মামা এলে ,কয়েকটা রাতের কথা মনে আছে ,মামা আর আমার গানের গুরু শ্যামল দা ,(পাশেই থাকতেন ),একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন ,মন্ত্রমুগ্ধ হয়ে বাবা ,মা বসে ,আর সারাদিনের ক্লান্তি আমার দুচোখে যেন ঘুম হয়ে নেমে আসতো , স্বপ্নের ঘোরে শুনতে পেতাম "কতো অজানারে জানাইলে তুমি " "জীবন মরণের সীমানা ছাড়ায়ে ".............
কতোবার গেয়ে গেছি কতো গান ,প্রশংসা জুটেছে কপালে ,প্রতিযোগিতায় পুরস্কার ও ,কিন্ত অনুভব করতে পারিনি গানের বাণীর ব্যপ্তি l বাবা চলে যাবার কিছুদিন পরে একদিন মামা এসে হারমোনিয়াম নিয়ে বসেছেন ,"আয় বাবুন,এখানে বোস ,"কয়েকটি গান গাইবার পরে মামা শুরু করলেন "যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে "কেঁপে উঠলাম ,আমার কথাই তো !"সব যে হয়ে গেলো কালো ,নিবে গেলো দীপের আলো ,আকাশ পানে হাত বাড়ালেম ........." দুচোখে ঝাপসা হয়ে এলো চারদিক ,"বন্ধ করো মামা ,আর গেয়ো না এই গানটা ,প্লীজ "অঝোর ধারায় কেঁদে অনুভব করলাম তিনি এসে দাঁড়িয়েছেন একঘর শূন্যতা আড়াল করে ,সেদিন বুঝলাম আমাদের সব অনুভূতি কেন রবীন্দ্রগানে তার আশ্রয় খুঁজে পায় ...............
Tuesday, 20 December 2016
"রবির আলোয় "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment